চট্টগ্রামের সীতাকুন্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামে একটি জাহাজ ভাঙা কারখানায় লিক হওয়া বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) অন্তত আরও ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নুরুল আলম আশেক। তিনি জানান, হাসপাতালে আনার পথে তিনজন এবং দুই শ্রমিক হাসপাতালে মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ জন। তিনি জানান, শুক্রবার সকালে দুর্ঘটনার পর ১০ শ্রমিককে চমেক হাসপাতালে আনা হয়। ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় গ্যাস লিক হয়েছে বলে জানা গেছে। কৃুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ আল মামুন জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে ভাটিয়ারী ফেরদৌস স্টিল নামক শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা ঘটে বলে শুনেছি। এতে অসুস্থ হয়ে পড়লে ১০ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে যায়। একই কথা বলেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান। তিনি বলেন, আমরা ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে কয়েকজন মারা গেছে শুনেছি।তবে ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল নয়টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। এতে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে কয়েকজন। কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্দ লোক ইয়ার্ডে গিয়ে ভাংচুর করেছে। অনেক মালামাল নিয়ে গেছে। স্থানীয়রা জানান, সীতাকুন্ডের শিপইয়ার্ডগুলোতে পরিত্যক্ত জাহাজ ভেঙে-কেটে মূলত রড তৈরির লোহা সংগ্রহ করা হয়। সেখানে কাজটি অনিরাপদ পরিবেশে করা হয় বলে অভিযোগ বহুদিনের। বিষাক্ত গ্যাস লিকেজে যারা মারা গেছে ও আহত হয়েছে তারা সবাই ইয়ার্ডের শ্রমিক। বহিরাগত লোক তো ইয়ার্ডে ঢুকতে পারে না। বহিরাগত মারা যাবে কোথা থেকে। বেসরকারি সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) মতে, সীতাকুন্ডের শিপইয়ার্ডগুলোতে শুক্রবারও গোপনে কাজ চলে। শিপইয়ার্ড মালিকরা শ্রমিকদের দিয়ে যেমন ইচ্ছা তেমন করে কাজ করায়। যা দেখার দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই)। কিন্তু তারা তা দেখে না। ফলে শ্রমিকরা ইয়ার্ডগুলোতে মৃত্যুঝুঁকি নিয়ে কাজ করে।
১ মাস ২৫ দিন আগে
ভারত মহাসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ নৌ সেনাদের মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি গণমাধ্যমগুলো। বুধবার (১২ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং মেহর নিউজ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া রণতরীটি একটানা প্রায় ২৬৩ দিন ধরে সাগরে মোতায়েন রয়েছে। এতে যুদ্ধজাহাজটিতে অবস্থানরত প্রায় ৫ হাজার নাবিকদের মধ্যে তীব্র মানসিক চাপ ও ক্ষোভ তৈরি হয়েছে। এছাড়াও তাদের পরিবারও ট্রাম্প প্রশাসনকে চাপ দিয়ে আসছে। এ পরিস্থিতিতে নাবিকদের এই ক্ষোভ প্রশমিত করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা বিমানবাহী রণতরীটিতে যান। তবে নাবিকদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় এবং পানির বোতল ছোড়া হয়। এই ঘটনার পর নাবিকদের নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং একপর্যায়ে ছুরি ও ধারালো অস্ত্র ব্যবহার করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ৭ জন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন।এদিকে ইরানি গণমাধ্যমের এই দাবির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর- পেন্টাগন, সেন্টকম বা নৌবাহিনী পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম মিলিটারি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী মোতায়েন, অতিরিক্ত কাজের চাপ এবং খাবার ও পানির সংকটের কারণে ‘ইউএসএস আব্রাহাম লিংকনের’ নাবিকদের মধ্যে মানসিক অবসাদ চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি কিছু নাবিক জাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।প্রসঙ্গত, আব্রাহাম লিঙ্কন বর্তমানে ভারত মহাসাগরে মোতায়েন রয়েছে, যেখানে এর প্রধান উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে একটি অবৈধ নৌ অবরোধ কার্যকর করা। জুলাই মাসে ওমানে একটি সংক্ষিপ্ত বিরতি ছাড়া, বিমানবাহী রণতরীটি একটানা ২০৮ দিন সমুদ্রে কাটিয়েছে, যা আধুনিক যুগে যেকোনো মার্কিন বিমানবাহী রণতরীর দীর্ঘতম একটানা মোতায়েন।
১ মাস ২৭ দিন আগে
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর ক্যাম্পাসের পুকুরে গোসল করতে গিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুই শিক্ষার্থী হলেন- ২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। নিহত অর্ণব চন্দ কম্পিউটার ও সায়েন্স ডিপার্টমেন্ট ও শান্ত দেব থ্রিপলি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র। তাদের দুইজনের বাড়ি সিলেট বলে জানা গেছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্যাম্পাসের মাঠে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা পুকুরের মাঝামাঝি অংশে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। গত কিছুদিন আগেও চুয়েটে খেলাশেষে গোসল করতে নেমে আরো এক শিক্ষাথী পুকুরে ডুবে মারা গিয়েছিল বলে জানান স্থানীয়রা।
১ মাস ২৭ দিন আগে
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক-পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা পিকআপ চালক, হেলপার এবং যাত্রী ছিলেন।শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া- নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম লুৎফর রহমান। পেশায় মাছ ব্যবসায়ী লুৎফর ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। নিহত বাকিদের নামপরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।ওসি শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁয় মাছ বিক্রি করে ফিরছিল। সকাল ১০টার দিকে মহাসড়কের কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক-হেলপার ও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
২ মাস ৮ দিন আগে