গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশের বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি-কে নিয়োগ দিয়েছে সৌদি আরব। বর্তমানে তিনি সৌদি নৌবাহিনীর ‘প্ল্যানিং, বাজেট অ্যান্ড ফোর্স ডেভেলপমেন্ট’ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি ৩২ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও কৌশলগত পদে দায়িত্ব পালন করছেন। তিনি বহুজাতিক সামরিক সহযোগিতা, অপারেশনাল পরিকল্পনা এবং সামরিক ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থায় বিশেষভাবে পারদর্শী।বৃহস্পতিবার (৬ আগস্ট) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।এতে বলা হয়, প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি জোটের প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল, সদস্যরাষ্ট্রগুলো ও অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ-সমন্বয় এবং জোটের অভিযান পরিচালনার দায়িত্বে থাকবেন।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী ১২-১৩ আগস্ট জোটের প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে একটি পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে জোটের প্রাতিষ্ঠানিক রূপরেখা চূড়ান্ত করা হবে এবং নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।এর আগে গত ৩০ জুলাই রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সামরিক বৈঠকের পর এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জোটটির নাম দেওয়া হয়েছে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’। এই জোটের লক্ষ্য হলো বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি করা, নৌচলাচলের স্বাধীনতা রক্ষা করা, আন্তর্জাতিক বাণিজ্য পথ ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত করা এবং অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষা করা।জোটের স্বাক্ষরকারী ১৪টি দেশ—বাংলাদেশ, বাহরাইন, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। সৌদি আরব এই জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী দেশ হিসেবে এর স্থায়ী সদর দফতর বা প্রধান কার্যালয় হিসেবে কাজ করবে।মূলত ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা আরোপ এবং লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কার ও দেশটির ইয়ানাবু বন্দরে ড্রোন হামলার পর এই জোট গঠনের উদ্যোগ নেয় রিয়াদ।এদিকে বাংলাদেশের ইউরোপ ও আমেরিকার বাজারে মোট রফতানি বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ পণ্য এই লোহিত সাগর ও এর সংলগ্ন সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুটের নিরাপত্তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।
২ মাস ২ দিন আগে
আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা x বাণিজ্যি সুরক্ষায় বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে একটি নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।বুহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সামরিক বৈঠকের পর এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জোটটির নাম দেওয়া হয়েছে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ ।জোটের স্বাক্ষরকারী ১৪টি দেশ হল—বাহরাইন, বাংলাদেশ, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। এই জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী দেশ হিসেবে এর স্থায়ী সদর দফতর বা প্রধান কার্যালয় হচ্ছে সৌদি আরবে।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই জোটের লক্ষ্য হলো বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি করা, নৌচলাচলের স্বাধীনতা রক্ষা করা, আন্তর্জাতিক বাণিজ্য পথ ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত করা এবং অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষা করা।মন্ত্রণালয় আরও জানিয়েছে, জোটটি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার রিয়াদে ৫১টি দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি এবং একটি ইইউ প্রতিনিধিদল এতে অংশ নিয়েছিল, যাদের মধ্যে ১৪টি দেশ তাদের সমর্থন নিশ্চিত করেছে এবং বাকিরা এ বিষয়ে এখনো বিবেচনা করছে।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এটি সম্পূর্ণ একটি আত্মরক্ষামূলক নিরাপত্তা জোট এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে এটি গঠন করা হয়নি। ভবিষ্যতে অন্যান্য দেশের জন্যও এই জোটে যোগ দেওয়ার পথ খোলা রাখা হয়েছে।এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো, যখন গত সপ্তাহে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এবং লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কার ও দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার দায় স্বীকার করে। এর ফলে এই রুটে তীব্র নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন-ইরান অচলাবস্থার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি মূলত বন্ধ হয়ে যাওয়ার পর, এই সংকীর্ণ সামুদ্রিক পথটি আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ সৌদি অপরিশোধিত তেল সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ হয়ে উঠেছে।বিশ্লেষকরা বলছেন, বাব এল-মান্দাব প্রণালি মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত, যেখান দিয়ে বিশ্বের প্রায় ১০-১২ শতাংশ সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয়। এখানে যেকোনো বিশৃঙ্খলা বিশ্ববাজারে জ্বালানির দাম এক লাফে বাড়িয়ে দিতে পারে।
২ মাস ৮ দিন আগে
সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সাশ্রয়ী প্যাকেজ-২ এ সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে, হজ প্যাকেজ-১ এ উন্নত সুবিধার প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজও ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজে সর্বনিম্ন খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।বেসরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২ এ উল্লেখিত সেবা সুবিধা কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। আর এ বছর হজ নিবন্ধন শেষ হবে ২৪ সেপ্টেম্বর।মন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে।হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।মিনায় জোন-৫-এ তাঁবু দেওয়া হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ ছাড়া মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও থাকবে।মন্ত্রী মোফাজ্জাল হোসাইন বলেছেন, সরকারের নির্বাচনি ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি রয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
২ মাস ১৮ দিন আগে
যুদ্ধের সময় সৌদি আরবে বিভিন্ন স্থাপনায় ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে অসংখ্যবার ইরানে হামলা করেছে।সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। রয়টার্স বলেছে, যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতও গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল। এ হামলাগুলোর খবর প্রকাশ্যে আসেনি।দুজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাগুলো সৌদি বিমানবাহিনী পরিচালনা করেছিল। সৌদি আরবকে লক্ষ্য করে হামলার জবাবে ইরানে এই পাল্টা হামলা করা হয়েছিল।তবে এসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে সৌদি আরব এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি।
৪ মাস ২৬ দিন আগে