ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে আরো ৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৯ জুলাই) বিকেলের দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
তিনি জানান, রবিবার সকালে সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে উল্টে গিয়ে গুরুতর আহত ৭ জন যাত্রীকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
অপরদিকে একইদিন সকাল ৯ টার দিকে সীতাকুন্ডের ইলিয়াস ফিলিং স্টেশন সংলগ্ন রয়েল গেট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাস চাপায় মো. ইমন (২০) নামের এক তরুণ নিহত হন। তিনি ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মো. সালামের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই মো. শামীম জানান, ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত মো. ইমনসহ দু‘জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইমন সীতাকুন্ডে পুরাতন একটি জাহাজ ভাঙা কারখানায় কাজ করতো। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
আর আহতরা হলেন- মো. মান্নান (৩০), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১), রওশন আক্তার (৩৮) ও তার ভাই মো. মহিউদ্দিন (৩৩)। এসব ঘটনায় আইণগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান এসআই মো. শামীম।