চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লবণ কারখানায় আগুনে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটেছে। দগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।
সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন। তিনি জানান, দগ্ধ ১০ জনই লবণ কারখানার শ্রমিক। তাদের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য, সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার তথ্য পেয়ে ২টি গাড়ি নিয়ে ফায়ার কর্মীরা কারখানায় যান। ২০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে তারা ফেরত আসেন।
কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বেশকিছু কার্টন পুড়ে গেছে। তবে দগ্ধদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বের করে নিয়ে যাওয়া হয় বলে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরতরা জানালেন।