চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক স¤পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।
রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে যুগ্ম সচিব খন্দকার ফরহাদ আহমদ সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি সব ক্ষমতা প্রয়োগ করবেন। একই সঙ্গে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মাহবুবের রহমান শামীম বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহবুবের রহমান শামীম। তবে ওই আসনে বিজয়ী হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।