চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এসময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। তাদের অভিযোগ, পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়ায় বহু শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা ষোলশহর এলাকায় চট্টগ্রাম মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সামনে সড়কে অবস্থান নেন। ফলে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।
পরীক্ষার্থীদের দাবি-বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যাদের এডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে বোর্ড থেকে পুনরায় কাগজপত্র সরবরাহ করা।
পরীক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে গেছে। প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনায় না নিয়ে তাদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া এবং কোনো নির্দিষ্ট এলাকার জন্য বৈষম্যমূলক সিদ্ধান্ত না নেওয়ার দাবিও তাদের।
বিক্ষোভে অংশ নেওয়া পরীক্ষার্থীরা দ্রুত বন্যাকবলিত এলাকার পরীক্ষাগুলো পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের অবরোধের ফলে ষোলশহর শিক্ষা বোর্ড সামনে সড়কের একপাশ ব্যবহার করে যানবাহন চলাচল করলেও অন্যপাশে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
পরিস্থিতি স¤পর্কে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) সোহেল পারভেজ জানান, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করছে। একইসঙ্গে সড়কে যানবাহন চলাচল দ্রুত স্বাভাবিক করতে পরীক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।