খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় থেকে পাচারের সময় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ৪৯৫ দশমিক ২৩ ঘনফুট বনজ কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা কাঠের সিজার মূল্য প্রায় ১৬ লাখ ২ হাজার ৬৯৫ টাকা।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীন জোরারগঞ্জ থানার কয়লারমুখ চেকপোস্টের একটি টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এসব কাঠ আটক করে।
বিজিবি সূত্র জানায়,কয়লারমুখ চেকপোস্টের সামনে তল্লাশি চালানোর সময় কাঠগুলো আটক করা হয়। তবে কাঠ পরিবহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবৈধ মাদকদ্রব্য, বনজ কাঠসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে কয়লারমুখ চেকপোস্টে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। চেকপোস্টটিতে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
সীমান্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথে সন্দেহজনক যানবাহন ও মালামাল তল্লাশির মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত তল্লাশি ও নজরদারি জোরদারের ফলে ওই এলাকায় চোরাচালান প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পাচার হওয়া পণ্য আটক করে সরকারের রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংস্থাটি।
দেশের সীমান্ত ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।