মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) রাতে আয়োজিত এক অনুষ্ঠানে তার মাথায় পরিয়ে দেওয়া হয় বিজয়ীর মুকুট।
এর মধ্য দিয়ে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের হয়ে সেখানে লড়বেন সামানজার। বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।
আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) পরিচালিত এবারের আসরে বিচারকদের চূড়ান্ত রায়ে সেরা সুন্দরীর মুকুট ওঠে সামানজার সাঈদের মাথায়।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর।
আয়োজকরা জানান, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বুদ্ধিমত্তা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার নিরিখেই সেরাদের নির্বাচন করা হয়েছে।
এবারের আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম।
মুকুট জয়ের পরপরই বিশ্বমঞ্চের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি আন্তর্জাতিক উপস্থাপনা, ব্যক্তিত্বের বিকাশ এবং প্রতিযোগিতার মূল অংশ ‘বিউটি উইথ আ পারপাস’-এর আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন।