রেলওয়ে শ্রমিক লীগ নেত্রী পরিচয়ে টানা লুটপাটে লুৎফা’ শিরোনামে সম্প্রতি দৈনিক ঈশান ও কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের সিপিও দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা লুৎফা বেগম।
তিনি সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার বলে দাবি করেছেন। এমনকি হীন উদ্দেশ্যে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, রেলওয়েতে চাকরির পর থেকে কোন কাজে ঘুষ নেওয়া তো দূরের কথা কারও কাছ থেকে এক কাপ চা খেয়েছি তার প্রমাণ নেই।
এমন কথা কেউ বলতেও পারবেন না। প্রয়োজনে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মচারীর সাথে কথা বলে তার সত্যতা জানার চ্যালেঞ্জও করেন তিনি। তিনি বলেন, আমার স্বামী উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা। দুই মেয়ে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত। আমার আত্নীয় স্বজনরাও দেশের বাইরে প্রতিষ্ঠিত।
আমরা অত্যন্ত উচু বংশের উত্তরাধিকারী। এ অবস্থায় কোন রকম অনিয়ম-দূর্নীতি আমাকে স্পর্শ করতে পারে না।প্রকাশিত প্রতিবেদনে যেভাবে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মানহানিকর। এ সংবাদের কারণে চাকরিস্থলসহ সামাজিক ও পারিবারিকভাবে আমার সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। যা জাতীর বিবেক খ্যাত সাংবাদিকদের কাছে কোনোমতেই কাম্য নয়।
আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আশা করব ভবিষ্যতে প্রকৃত সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য ছাড়া এ ধরণের মিথ্যা, বানোয়াট ও হীন উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে সংশ্লিষ্ট সাংবাদিকগণ বিরত থাকবেন। অন্যথায় আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হব।