চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি খাসজমি দখল নিয়ে দু‘পক্ষের গোলাগুলিতে জিল্লুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এ তথ্য জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল আমিন। তিনি জানান, শুক্রবার ভোর রাত চারটার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল গ্রাম থেকে শটগানের রাবার বুলেটবিদ্ধ অবস্থায় জিল্লুর রহমানকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।।
নিহত জিল্লুর রহমান (৩২) উপজেলার পশ্চিম সরল গ্রামের বাসিন্দা। পরে একই গ্রামের কাউসার ও বেলাল নামে গুরুতর আহত দু‘জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তারাও গুলিবিদ্ধ।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, সরকারি খাসজমিতে একপক্ষ লবণের মাঠ করেছে। আরেক পক্ষ মাছের চাষ করছে। সেই খাসজমি দখলে নেওয়ার জন্য দু‘পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সুনির্দিষ্টভাবে কারা ঘটনায় জড়িত সেটা আমরা তদন্ত করে দেখছি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বঙ্গোপসাগরের বেড়িবাঁধ সংলগ্ন সরকারি খাস জমিতে গড়ে তোলা লবণের মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে রাত ২টার দিকে দু‘পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।