চট্টগ্রামের কর্ণফুলী টানেল মোড় এলাকায় বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে ছয় গাড়িকে ধাক্কা দিলে সেগুলো দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই নারী নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ৮টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন টানেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারী হলেন- উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৪০) ও ইফা শীল (৪০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহত সিএনজি চালক সিদ্দিক জানান, পশ্চিম দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর পূর্ব দিকে গিয়ে আরও পাঁচটি সিএনজিকে সজোরে আঘাত করে। এতে তার সিএনজিটিও ক্ষতিগ্রস্ত হয়। তিনি লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টানেল মোড় এলাকায় যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজি ও অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সড়কের পাশের দোকানে উঠে যায়। বাসটির ধাক্কায় সেখানে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী ও পথচারী চাপা পড়ে আহত হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে জানান আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত তাদের কাছে ১০ জন আহত হওয়ার তথ্য রয়েছে। হাসপাতালে নেওয়ার পর দুই নারীর মৃত্যু হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা জানান, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।