চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন একটি নালা পরিষ্কারের সময় মিললো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের বুলেট।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বুলেটগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফা কামাল।
তিনি বলেন, শেরশাহ বাংলাবাজারে বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটের পাশের নালা পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা বিপুল পরিমাণ বুলেট পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে। এর মধ্যে বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‘বুলেটগুলো কীভাবে এবং কোথায় থেকে সেখানে এলো—এসব বিষয় তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান পরিদর্শক (তদন্ত) মোস্তাফা কামাল।