ইউরোপে গ্রীষ্মের ছুটি বেশ জমিয়ে উপভোগ করছেন মার্কিন পপতারকা কেটি পেরি ও সাবেক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি দক্ষিণ ফ্রান্সে প্রমোদতরীতে বেশ রোমান্টিক অবতরে ধরা দিয়েছেন। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, কড়া রোদ থেকে ত্বক বাঁচাতে কেটির বুকে সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছেন ট্রুডো। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভূমধ্যসাগরের তীরে বোটভ্রমণের সময় কেটিকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
হালকা নীল রঙের একটি পোশাক, চশমা এবং সোনাবর্ণের স্টেটমেন্ট কানের দুলের চটকদার লুক নজর কেড়েছে ভক্তদের। অন্যদিকে, ট্রুডো পরেছিলেন জলপাই সবুজ রঙের একটি শার্ট ও বেজ রঙের ট্রাউজার।
সম্প্রতি সুইজারল্যান্ডে কেটির ‘ইউরো সামার ফেস্টিভ্যাল’ সফর শেষ হওয়ার পর তাঁরা ছুটি কাটানোর পরিকল্পনা করেছিল। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্সকে গায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, কনসার্টের ক্লান্তি দূর করতে প্রেমিক ও সন্তানদের নিয়ে কোনো সুন্দর জায়গায় ইয়টে চড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে গায়িকার।
বলে রাখা ভালো, ব্যক্তিগত জীবনে কেটি পেরির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ ব্লুম। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ও তার সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর তিন সন্তান রয়েছে— হ্যাড্রিয়েন, এলা গ্রেস এবং জাভিয়ের।
বাবার প্রেম নিয়ে মুখ খুলেছেন ট্রুডোর বড় ছেলে জেভিয়ার ট্রুডো। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান ট্রুডোর ছেলে। বাবার নতুন প্রেমিকাকে শান্ত এবং খুবই ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
জেভিয়ার ট্রুডো জানান, কেটির সাথে দীর্ঘ সময় ধরে সংগীত নিয়ে আলোচনা হয়েছে। একজন শিল্পী হিসেবে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কেটি তাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। জেভিয়ার নিজে 'Xav' ছদ্মনামে আরঅ্যান্ডবি (R&B) ঘরানার গান করছেন। তার এই সংগীত যাত্রায় কেটির মতো বিশ্বখ্যাত শিল্পীর পরামর্শ পেয়ে জেভিয়ার বেশ উচ্ছ্বসিত।
কানাডার সাবেক প্রধানমন্ত্রীর ছেলের মতে, তাদের পরিবারে সংগীত একটি বড় জায়গা দখল করে আছে। জাস্টিন ট্রুডো এবং তার প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার ছোটবেলায় জেভিয়ারকে ড্রাম, গিটার ও পিয়ানোর ক্লাসে ভর্তি করেছিলেন।
গত বছরের জুলাইতে মন্ট্রিয়লে ক্যাটি পেরির কনসার্টে নাচতে দেখা গিয়েছিল জাস্টিন ট্রুডোকে। এর পর থেকে জাস্টিন ট্রুডো এবং কেটি পেরির প্রেমের গুঞ্জন শুরু হয়। যা পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। সোফি গ্রেগোয়ারের সাথে বিচ্ছেদের দুই বছর পর ট্রুডো ক্যাটির সাথে নতুন জীবন শুরু করেছেন।