সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদের। শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী বাজারে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান মাসুদ। এসময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন অস্ত্রধারী তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত মাসুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবদল নেতা মাসুদ চৌধুরী বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়দের ধারণা, বালুর ব্যবসা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে। এছাড়া তিনি আসন্ন স্থানীয় নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, যুবদল নেতা মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এদিকে হত্যাকান্ডের প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা ইছাখালী এলাকায় টায়ার জ্বালিয়ে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে কাপ্তাই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।