সাউথ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছে। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন বলে জানা যায়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহত ৬ বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় মিললেও বাকি দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সেখানকার কয়েকজন অভিবাসি জানান, দোকানের ভেতরের একটি কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।